রাজনীতি নিষিদ্ধ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিবিরের কমিটি ঘোষণা

পদ্মাটাইমস ডেস্ক: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে ১০৮তম সিন্ডিকেট সিদ্ধান্ত অনুযায়ী সব ধরনের রাজনীতি নিষিদ্ধ। তবু বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির ছাত্রশিবির ২০২৬ সেশনের কমিটি ঘোষণা করেছে।
নতুন কমিটিতে ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সুমন সরকারকে সভাপতি এবং একই সেশনের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুর রাকিব মুরাদকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টায় ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে জানানো হয়, বেরোবি সদস্যদের সমাবেশে এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।
শাখা সভাপতি নির্বাচনের জন্য কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হয়। ভোট গণনার পর সর্বাধিক ভোট পাওয়া মো. সুমন সরকারকে শাখা সভাপতি ঘোষণা করা হয় এবং কেন্দ্রীয় সভাপতির প্রতিনিধি হিসেবে সাংবিধানিক শপথ পাঠ করান নূরুল ইসলাম সাদ্দাম। এরপর সদস্যদের পরামর্শ অনুযায়ী নবনির্বাচিত সভাপতি সুমন সরকার আব্দুর রাকিব মুরাদকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেন। বিষয়টি বেরোবি শাখা ছাত্রশিবিরের একাধিক সদস্য নিশ্চিত করেছেন।
উল্লেখযোগ্য, ২০২৪ সালের ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায় ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সবধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে কাগজে কলমে রাজনীতি নিষিদ্ধ থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল একের পর এক কমিটি গঠন করছে।




