প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন রাজশাহীর আসিফ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬; সময়: ৭:৩৩ pm | 
খবর > বিশেষ সংবাদ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী ও তানোরবাসীর জন্য সুখবর বয়ে এনেছেন তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব রেহান আসিফ আসাদ রাতুল। এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী -এর উপদেষ্টা হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন তিনি। মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর ‘Rules of Business, 1996’-এর Rule 3(B) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে রেহান আসিফ আসাদসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তালিকার ৫ নম্বর ক্রমিকে প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে তার নাম অন্তর্ভুক্ত রয়েছে।

রেহান আসিফ আসাদ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের উত্তরসূরি। তার বাবা মরহুম আসাদুজ্জামান আসাদ ছিলেন রাজশাহী বরেন্দ্রে বহুমুখি উন্নয়ন প্রকল্প বিএমডিএর সাবেক চেয়ারম্যান। তিনি সাবেক মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক এবং বিএমপির চেয়ারম্যানের উপদেষ্টা ও রাজশাহী-১ আসনের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনের ভ্রাতুষ্পুত্র।

নিয়োগের খবর এলাকায় পৌঁছানোর পর গোদাগাড়ী ও তানোরে আনন্দের জোয়ার বইছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এ দায়িত্ব পালনের মাধ্যমে অবহেলিত এ অঞ্চলের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে অভিনন্দন জানিয়ে অনেকেই আশাবাদ ব্যক্ত করেছেন যে, তার নেতৃত্বে তানোর-গোদাগাড়ীর জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

এদিকে, রেহান আসিফ আসাদকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় তানোর ও গোদাগাড়ীবাসী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, তার উদ্যোগে কৃষি, শিক্ষা ও অবকাঠামো খাতে অঞ্চলের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন