রমজানে বন্ধ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়

পদ্মাটাইমস ডেস্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সরকারি-বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হচ্ছে।
বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি নির্ধারণ করে। পরে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পবিত্র রমজান, শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত বিদ্যালয়গুলো বন্ধ থাকবে।
এদিকে রমজান উপলক্ষে বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে সরকারি-বেসরকারি কলেজগুলোতেও ছুটি শুরু হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রকাশিত তালিকা অনুযায়ী, রমজান ও ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন কলেজ বন্ধ থাকবে। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে একদিনের ছুটি রয়েছে। পরবর্তী দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় ২৯ মার্চ, রোববার থেকে কলেজগুলোতে পাঠদান শুরু হবে।




