প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি: বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান

পদ্মাটাইমস ডেস্ক: বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং প্রতিরক্ষা চুক্তি দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।
ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার (১৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউস থেকে এ চিঠি পাঠানো হয়। বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে চিঠিটি প্রকাশ করে।
চিঠিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের বিজয়কে ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করে তাঁর প্রধানমন্ত্রীত্বের মেয়াদ সফল ও ফলপ্রসূ হোক- এমন প্রত্যাশা ব্যক্ত করেন ট্রাম্প।
প্রধানমন্ত্রীর উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের ভিত্তিতে প্রতিষ্ঠিত। তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল হবে এবং এতে দুই দেশের কৃষক ও শ্রমিকরা উপকৃত হবেন।
প্রতিরক্ষা সহযোগিতার প্রসঙ্গে ট্রাম্প বলেন, চলমান প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্নে কার্যকর পদক্ষেপ নেওয়া হলে বাংলাদেশের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রে নির্মিত অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহারের সুযোগ পাবে।
চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী করতে তিনি একসঙ্গে কাজ করতে আগ্রহী। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন-এর প্রতি পূর্ণ আস্থার কথাও জানান তিনি।
শেষাংশে প্রেসিডেন্ট ট্রাম্প তারেক রহমানের আগামী দিনের সফলতা ও কল্যাণ কামনা করেন।





