নিজ বাসা থেকে এমএম বেগের পচাগলা লা/শ উদ্ধার

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬; সময়: ১:৫৬ pm | 
খবর > বিনোদন

পদ্মাটাইমস ডেস্ক:  বলিউডের সহ-পরিচালক ও নির্মাতা এমএম বেগ-এর পচাগলা লাশ তার নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

সপ্তাহের শুরুতে মুম্বাইয়ের বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালকের জনসংযোগ কর্মকর্তা হানি জাওয়েরি। জানা গেছে, কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন এমএম বেগ। চার থেকে পাঁচ দিন ধরে তাকে বাসা থেকে বের হতে না দেখায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে পুলিশে খবর দেওয়া হলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার পচাগলা লাশ উদ্ধার করা হয়।

লাশ ময়নাতদন্তের জন্য গভীর রাতে কুপার হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

চলচ্চিত্র জগতে সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন এমএম বেগ। তিনি জে ওম প্রকাশ, বিমল কুমাররাকেশ রোশন-এর মতো নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন। তার যুক্ত থাকা উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে আদমি খিলোনা হ্যায়, জৈসি করনি ওয়াইস ভরনি, কর্জ চুকানা হ্যায়, কালা বাজারকিশন কানহাইয়া

নির্মাতা হিসেবে তিনি নাসিরুদ্দিন শাহ অভিনীত মাসুম গাওয়াহ পরিচালনা করেছিলেন, যদিও সিনেমাটি মুক্তি পায়নি। এছাড়া শিল্পা শিরোদকর অভিনীত ছোটি বাহু পরিচালনা করেন তিনি।

তার মেয়ে শাহিন্দা বেগ, যিনি ‘বেডি গুড্ডু’ নামে পরিচিত ছিলেন, শিশুশিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে কাজ করে খ্যাতি অর্জন করেন।

এমএম বেগের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন