১৬ বছর বয়স হলেই মিলবে এনআইডি: ইসি

নিজস্ব প্রতিবেদক: ১৬ থেকে ১৭ বছর বয়সী বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। তবে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন না।
রোববার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।
পরিপত্রে বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত)-এর ধারা ৫ অনুযায়ী আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ থেকে ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তাদের নিবন্ধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
ইসির এই সিদ্ধান্ত জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
ইসির এনআইডি অনুবিভাগের এক কর্মকর্তা জানান, ১৬ থেকে ১৭ বছর বয়সীরা এনআইডি পেলেও ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন না। বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।
উল্লেখ্য, নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের সময় এনআইডি কার্ড চালু করে ইসি। শুরুতে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের লেমিনেটেড এনআইডি কার্ড দেওয়া হলেও ২০১৬ সাল থেকে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হচ্ছে।




