যুদ্ধ শুরুর পর প্রথমবার সংবাদ সম্মেলনে নেতানিয়াহু

পদ্মাটাইমস ডেস্ক: যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে কথা বলেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরাইল এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ইসরাইলের হামলায় ইরানের শীর্ষ কয়েকজন পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন। একই সঙ্গে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও বাসিজ বাহিনীও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।
তিনি বলেন, “ইরান এখন আর আগের মতো ইরান নেই।” তার দাবি, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া হামলার ফলে ইরান তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ভূগর্ভে সরিয়ে নিতে পারেনি।
ইরানের নতুন নির্বাচিত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং লেবাননের সংগঠন হিজবুল্লাহর নেতা নাঈম কাসেম সম্পর্কে প্রশ্ন করা হলে নেতানিয়াহু বলেন, তিনি তাদের কাউকে সরাসরি জীবননাশের হুমকি দিতে চান না।
তবে তিনি মন্তব্য করেন, খামেনি ‘রেভল্যুশনারি গার্ডের পুতুল’ এবং তিনি প্রকাশ্যে আসতে পারছেন না। কারণ সর্বোচ্চ নেতার সাম্প্রতিক একটি বিবৃতি রাষ্ট্রীয় টেলিভিশনে একজন সংবাদ পাঠক পড়ে শোনান।
ইরানে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভের প্রসঙ্গ তুলে নেতানিয়াহু বলেন, “যারা রাস্তায় নেমেছেন, আমরা আপনাদের পাশে আছি।” তবে তিনি আরও যোগ করেন, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ইরানের জনগণেরই।
তিনি আরও বলেন, ইরানের সঙ্গে চলমান এই সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে ইসরাইল নতুন নতুন কূটনৈতিক জোট গঠনের সুযোগ পাচ্ছে। “আগে এটি সম্ভব ছিল না, কিন্তু এখন আমরা সর্বোচ্চ চেষ্টা করছি,” বলেন তিনি।
এদিকে ইরান উপসাগরীয় কয়েকটি দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে কয়েকটি তেল টার্মিনাল কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে। এর ফলে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।




