বাড়ল জ্বালানি তেলের দাম

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬; সময়: ১১:৩৯ am | 
খবর > অর্থনীতি

পদ্মাটাইমস ডেস্ক: মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়ার পাশাপাশি ইসরাইল চলমান সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালি খুলে না দিলে ইরান-এর জ্বালানি অবকাঠামোর ওপর হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এদিকে ইসরাইল জানিয়েছে, চলমান সংঘাত আরও কয়েক সপ্তাহ অব্যাহত থাকতে পারে।

বার্তা সংস্থা এএফপি জানায়, গ্রিনিচ মান সময় অনুযায়ী রোববার রাত ১০টায় বাজার খোলার পরই তেলের দামে ঊর্ধ্বগতি দেখা যায়। মার্কিন অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর মে মাসের ডেলিভারি মূল্য প্রায় ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার অতিক্রম করে। পরে কিছুটা কমে আসে।

একই সময়ে নর্থ সি ব্রেন্ট ক্রুডের মে মাসের ডেলিভারি মূল্য বেড়ে ব্যারেলপ্রতি ১১৩ দশমিক ৪৪ ডলারে পৌঁছায়। তবে লেনদেন শুরুর প্রায় ৪৫ মিনিট পর তা কমে প্রায় ১১১ ডলারের কাছাকাছি স্থির হয়।

এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি সংঘাত শুরুর আগের দিন ডব্লিউটিআই ও ব্রেন্ট ক্রুডের দাম ছিল যথাক্রমে ৬৭ দশমিক ০২ এবং ৭২ দশমিক ৪৮ ডলার।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা বিশ্ব জ্বালানি বাজারে নতুন চাপ তৈরি করছে। পরিস্থিতি আরও অবনতি হলে তেলের দামে বড় ধরনের ওঠানামার আশঙ্কা রয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন