১২ কেজি এলপিজির দাম কমল ৫৫ টাকা

প্রকাশিত: জুন ২, ২০২৬; সময়: ৫:৫৬ pm | 
খবর > অর্থনীতি

নিজস্ব প্রতিবেদক : ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় প্রতি কেজি এলপিজির দাম ৪ টাকা ৬০ পয়সা কমানো হয়েছে। ফলে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১ হাজার ৯৪০ টাকা।

মঙ্গলবার বিইআরসি নতুন এ মূল্য ঘোষণা করে। সংস্থাটি জানিয়েছে, নতুন দাম মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

বিইআরসির নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, এখন প্রতি কেজি এলপিজির দাম হবে ১৫৭ টাকা ৬ পয়সা। আগে এ দাম ছিল ১৬১ টাকা ৬৬ পয়সা। এই হার অনুযায়ী বাজারে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের মূল্য নির্ধারিত হবে।

প্রতি মাসেই আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। তবে ভোক্তাদের অভিযোগ, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করা হচ্ছে। বিশেষ করে গৃহস্থালির কাজে বহুল ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডার কিনতে অতিরিক্ত অর্থ গুনতে হয় অনেককে।

অন্যদিকে সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে ৮২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটার ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির মূল্য নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজি উৎপাদনের প্রধান উপাদান প্রোপেন ও বিউটেন বিদেশ থেকে আমদানি করা হয়। এ দুই উপাদানের আন্তর্জাতিক মূল্য প্রতি মাসে প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো, যা সৌদি কার্গো প্রাইস (সিপি) নামে পরিচিত।

এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য হিসেবে ধরে এবং আমদানিকারকদের চালানমূল্যের ভিত্তিতে ডলারের গড় বিনিময় হার হিসাব করে দেশের এলপিজির দাম নির্ধারণ ও সমন্বয় করে বিইআরসি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন