বিদেশগামী শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণের নির্দেশ

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬; সময়: ৩:১৬ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক: বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সি সহায়তা হিসেবে এ ঋণ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে কর্মপরিকল্পনা পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কোরিয়া, জাপান, চীন ও জার্মানিসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য বিশেষ ঋণ সুবিধা চালু করা হচ্ছে। এ ঋণ মূলত ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সির সহায়তা হিসেবে ব্যবহৃত হবে। প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে এ ঋণ প্রদান করা হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

নুরুল হক নুর আরও বলেন, বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। তিনি জানান, ওই অঞ্চলে যুদ্ধ ও অস্থিরতার প্রভাব বাংলাদেশের শ্রমবাজারে কীভাবে পড়তে পারে, তা নিয়ে সরকার সতর্ক রয়েছে। তবে পুনর্গঠন কার্যক্রম শুরু হলে সেখানে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার। বর্তমান পরিস্থিতিতে সেখানে কর্মরত বাংলাদেশিদের সুরক্ষা ও সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। একই সঙ্গে নতুন সুযোগ কাজে লাগানোর দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এছাড়া বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে ভাষা দক্ষতার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, তৃতীয় ভাষায় দক্ষতা না থাকায় অনেক শ্রমিক কম বেতনের চাকরিতে সীমাবদ্ধ থাকেন। ভাষাজ্ঞান বাড়াতে পারলে তারা উচ্চ আয়ের সুযোগ পেতে পারেন।

সরকারের এ উদ্যোগ বিদেশে উচ্চশিক্ষা ও দক্ষ জনশক্তি তৈরিতে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন