রাজশাহী হাসপাতালে হামে আরও ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে এ হাসপাতালে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৬ জনে।
হাসপাতালের মূখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন রোগি ভর্তি হয়েছে ২৩ জন। একই সময় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ১০ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ১৩৩ জন। হামের সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত হাসপাতালে মোট ৪৫২ জন রোগী ভর্তি হয়েছে। যাদের মধ্যে মারা গেছেন ৪৬ জন।
এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সংকট ভয়াবহ রূপ নিয়েছে। শয্যা না পেয়ে অপেক্ষমাণ অবস্থায় গত এক মাসে ৯১ জন শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ১৮টি শিশু আইসিইউ শয্যা রয়েছে। এর মধ্যে হামে আক্রান্তদের জন্য ১২টি রাখা হয়েছে। বাকি ছয়টি অন্য রোগিদের জন্য।
হাসপাতাল সূত্রে জানা যায়, মার্চ মাসে শিশু আইসিইউতে ভর্তি ছিল ১১৯ জন এবং অপেক্ষমাণ তালিকায় ছিল ৩৮৬ জন। এদের মধ্যে ৯১ শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসকদের মতে, হাম ও নিউমোনিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় শিশুদের জটিলতা দ্রুত বাড়ছে। ফলে আইসিইউর চাহিদাও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।
সংকট নিরসনে অতিরিক্ত অক্সিজেন লাইন স্থাপনের কাজ চলছে বলে জানিয়েছেন হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস। তিনি বলেন, আগে শিশু আইসিইউ শয্যা ছিল ১২টি, যা বাড়িয়ে ১৮টি করা হয়েছে। এর মধ্যে ১২টি শয্যা হামে আক্রান্ত শিশুদের জন্য নির্ধারিত।
এ হাসপাতালের তিনটি শিশু ওয়ার্ডের অনুমদিত শয্যা সংখ্যা ১৬০ হলেও বাস্তবে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে তিন হাজার রোগী ভর্তি থাকেন। এতে চিকিৎসা ব্যবস্থায় অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে।
হাসপাতাল সূত্র জানায়, রাজশাহী বিভাগের বাইরের বিভিন্ন জেলা থেকেও রোগীরা এখানে চিকিৎসা নিতে আসেন। এ অঞ্চলে শিশু আইসিইউ সুবিধা সীমিত হওয়ায় প্রতিদিন গড়ে ৩০টির বেশি শয্যার চাহিদা থাকে। তবে মার্চ মাসে হাম ও নিউমোনিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় এই চাহিদা দৈনিক প্রায় ৫০টিতে পৌঁছেছে।




