রাজশাহীতে এনজিও কর্মীকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬; সময়: ১:১৬ am | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে এক এনজিও কর্মীকে গুরুতর আহত করে প্রায় এক লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে দুর্গাপুর পৌরসভার সিংগা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শাহিনুর রহমান (২৯) বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ এলাকার শাহজাহান আলীর ছেলে। তিনি একটি বেসরকারি এনজিও (বীজ)-এর ফিল্ড অফিসার হিসেবে কর্মরত। ঘটনার সময় তার সহকর্মী মনিরা খাতুন তার সঙ্গে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিস্তির টাকা আদায় শেষে মোটরসাইকেলযোগে অফিসে ফিরছিলেন শাহিনুর রহমান ও মনিরা খাতুন। পথে মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেলে তারা সিংগা পশ্চিমপাড়ার একটি মিলঘরের দক্ষিণে পাকা সড়কে অবস্থান নেন এবং অফিসে বিষয়টি জানান। পরে অন্য একটি মোটরসাইকেল থেকে তেল এনে দেওয়ার কথা বলা হয়।

এ সময় হেলমেট পরা দুই অজ্ঞাত যুবক মোটরসাইকেলে এসে তাদের কাছে দাঁড়ায় এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করে। এতে আপত্তি জানালে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই দুই যুবক মোটরসাইকেলে থাকা ব্যাগ থেকে চাপাতি বের করে শাহিনুর রহমানের ওপর হামলা চালায়। এতে তার ডান হাতের বাহু ও বাম হাতের আঙুলে গুরুতর জখম হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এরপর হামলাকারীরা মনিরা খাতুনের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে কিস্তি আদায়ের প্রায় এক লাখ টাকা ছিল বলে জানান তিনি। পরে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা নিয়ে তারা দ্রুত দুর্গাপুর বাজারের দিকে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত শাহিনুর রহমানকে উদ্ধার করে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

দুর্গাপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন