বাগমারায় ম্যানেজিং কমিটি নিয়ে প্রধান শিক্ষিকাকে লাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার তেগাছি সেনপাড়া বিপ্রকয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষিকা রুনা লায়লাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, তাদের পছন্দের ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি এবং একই ব্যক্তিকে পরপর দুই মেয়াদে সভাপতি করায় তারা ক্ষুব্ধ হন।
অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার তেগাছি সেনপাড়া গ্রামের সাফিরের নেতৃত্বে আকরাম হোসেন দুলাল, আলমগীর হোসেন বল্টু, নাহিদ ইসলাম, সতেজ, রাকিব হোসেনসহ কয়েকজন বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষিকার কাছে এ বিষয়ে কৈফিয়ত চান। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে প্রধান শিক্ষিকাকে হেনস্তা ও লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
প্রধান শিক্ষিকা দাবি করেন, ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তার হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া তাকে সহযোগিতা করতে এগিয়ে আসা অন্য শিক্ষকদেরও একটি কক্ষে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষকরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাগমারা থানাকে অবহিত করেন। পরে প্রধান শিক্ষিকা রুনা লায়লা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযুক্ত আলমগীর হোসেন বল্টু অভিযোগ অস্বীকার না করে বলেন, তাদের না জানিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে এবং একই ব্যক্তিকে বারবার সভাপতি করা হয়েছে। এছাড়া বিদ্যালয়ের নামে থাকা কিছু জমি সভাপতি দখল করে রেখেছেন বলে তারা জানতে পেরেছেন। এসব অনিয়মের প্রতিবাদ জানাতেই তারা বিদ্যালয়ে গিয়েছিলেন।
প্রধান শিক্ষিকা রুনা লায়লা বলেন, সরকারি বিধিমালা অনুসরণ করেই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। এতে কোনো অনিয়ম হয়নি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে তিনি অবগত হয়েছেন। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




