পবায় ১০৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: জুন ২৯, ২০২৬; সময়: ১০:৩৩ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলায় অভিযান চালিয়ে ১০৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

র‍্যাব-৫ জানায়, সোমবার (২৯ জুন) বিকেল ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসির একটি আভিযানিক দল পবা থানার মদনহাটি এলাকায় আমান কোল্ড স্টোরেজের কাছে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে।

এ সময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে মোটরসাইকেল আরোহী মো. মেহেদী হাসান লিটন (৩৫) ও মো. খোরশেদ আলমকে (৪০) আটক করা হয়।

র‍্যাবের দাবি, জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা বহনের কথা স্বীকার করেন। পরে তাদের একজন নিজের প্যান্টের পকেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি নীল জিপার ব্যাগ বের করে দেন। ব্যাগটি তল্লাশি করে ১০৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার দুজন এলাকায় চিহ্নিত মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করে আসছিলেন।

এ ঘটনায় পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন