১১ দেশের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় ভারত, তালিকায় নেই বাংলাদেশ

মেঘালয়ে ‘প্রগতি’ মহড়া ১৮–৩১ মে; সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণ ও প্রতিরক্ষা সহযোগিতায় জোর

প্রকাশিত: মে ১, ২০২৬; সময়: ২:০৪ pm | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক : প্রথমবারের মতো প্রতিবেশী ও আঞ্চলিক ১১টি দেশের সঙ্গে বহুজাতিক সামরিক মহড়ার আয়োজন করতে যাচ্ছে ইন্ডিয়া। তবে এই তালিকায় বাংলাদেশের নাম নেই, যা নিয়ে আঞ্চলিক প্রতিরক্ষা মহলে আলোচনা তৈরি হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত এই মহড়ার নাম দেওয়া হয়েছে ‘প্রগতি’ Exercise Pragati। আগামী ১৮ মে থেকে ৩১ মে পর্যন্ত ভারতের মেঘালয় রাজ্যে এই মহড়া অনুষ্ঠিত হবে।

ঘোষিত তালিকা অনুযায়ী, মহড়ায় অংশ নিচ্ছে লাওস, মিয়ানমার, ভিয়েতনাম, সেশেলস, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, কম্বোডিয়া ও ভুটান।

ভারতীয় সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, এই মহড়ার মূল উদ্দেশ্য হলো আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করা, বিশেষ করে সন্ত্রাসবাদ দমন ও বিদ্রোহবিরোধী অভিযানে যৌথ সক্ষমতা বৃদ্ধি।

বিশ্লেষকদের মতে, অতীতে দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক মহড়ায় সীমিত থাকা ভারতের প্রতিরক্ষা কূটনীতি এখন বহুপক্ষীয় কাঠামোর দিকে অগ্রসর হচ্ছে। একসঙ্গে একাধিক দেশের অংশগ্রহণকে তারা আঞ্চলিক নিরাপত্তা জোট ও সমন্বয়ের নতুন ধাপ হিসেবে দেখছেন।

সামরিক সূত্রগুলোর ধারণা, এই ধরনের বৃহৎ মহড়া ভারতের প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি প্রতিবেশী ও ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার প্রচেষ্টা।

এদিকে বাংলাদেশের নাম তালিকায় না থাকাকে ঘিরে কূটনৈতিক মহলে নানা ব্যাখ্যা ও আলোচনা শুরু হলেও এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন