মাথায় কাফনের কাপড় বেঁধে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ

পদ্মাটাইমস ডেস্ক: চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার সকালে আগ্রাবাদ এলাকায় বিদ্যুৎ ভবনের সামনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম মহানগরের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিল ও বিক্ষোভের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ছড়িয়ে পড়া ৫৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বন্দর এলাকা থেকে শেখ মুজিব সড়ক হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে মিছিল নিয়ে অগ্রসর হচ্ছেন নেতাকর্মীরা। তাদের হাতে থাকা ব্যানারে হামে শিশুমৃত্যু, শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার এবং বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো হয়। পরে বিদ্যুৎ ভবনের সামনে তারা জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন।
চলতি মাসে চট্টগ্রাম নগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের এটি তৃতীয় মিছিল বলে জানা গেছে। এর আগে গত বুধবার অনন্যা আবাসিক এলাকায় এবং সোমবার জিইসি মোড় এলাকায় ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ছাত্রলীগ। এসব ঘটনার পর নগরের বিভিন্ন থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অন্তত ৭০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, আগ্রাবাদ এলাকায় অনুষ্ঠিত মিছিলের ভিডিও পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।




