ডেঙ্গুমুক্ত রাজশাহী নগর গড়ার প্রত্যয় রাসিক প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উদ্যোগে ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) বেলা ১১টায় নগর ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি নগরীর দড়িখরবোনা মোড় ও কাদিরগঞ্জ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় নগর ভবন চত্বরে এসে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। র্যালি শেষে নগর ভবন চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি বক্তব্য দেন।
এ সময় নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে রাসিক প্রশাসক বলেন, ডেঙ্গু একটি মারাত্মক মশাবাহিত রোগ হলেও সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। তাই নিজেদের পরিবার ও প্রিয় নগরীকে সুরক্ষিত রাখতে সবাইকে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশন আগাম প্রস্তুতি গ্রহণ করছে। ডেঙ্গুমুক্ত রাজশাহী মহানগর গড়ে তুলতে কর্পোরেশনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তবে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়, নগরবাসীকেও নিজ নিজ আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
মাহফুজুর রহমান রিটন জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা এবং নাগরিক সেবা নিশ্চিত করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এর আগে হাম-রুবেলা মোকাবেলায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল। এবার ডেঙ্গু প্রতিরোধেও ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বর্ষা মৌসুম শুরুর আগেই মশক নিধনে দুই সপ্তাহব্যাপী ফগার মেশিনে স্প্রে কার্যক্রম শুরু করা হবে।
র্যালিতে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ই-সাঈদ, দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলরসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজশাহীর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, সিডিসির সদস্য, ওয়ার্ড সচিব, স্বাস্থ্যকর্মী, রেড ক্রিসেন্ট ও বিডিক্লিনের স্বেচ্ছাসেবীরা অংশ নেন।




