সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ

পদ্মাটাইমস ডেস্ক : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে আসন্ন জাতীয় বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর অনুমোদনের পর মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ অনুযায়ী তিন ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন প্রথম ধাপে ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে।
তবে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে বর্তমানে চালু থাকা বিশেষ সুবিধাগুলো বাতিল করা হবে। ফলে সবকিছু সমন্বয় করে প্রকৃত বেতন বৃদ্ধির হার ৩৫ থেকে ৪০ শতাংশের মধ্যে থাকতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রস্তাবিত মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধির সুবিধা পাবেন। পরবর্তী অর্থবছরে দ্বিতীয় ধাপে অবশিষ্ট অংশ কার্যকর করা হবে। আর ২০২৮-২৯ অর্থবছর থেকে বিভিন্ন ভাতা অন্তর্ভুক্ত করে নবম পে স্কেলের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের সূত্রগুলো আরও জানায়, আগামী অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করা হতে পারে। বাজেট বক্তৃতায় নতুন বেতন কাঠামোর বিস্তারিত রূপরেখা তুলে ধরা হবে। পাশাপাশি কেন নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে, সে বিষয়েও ব্যাখ্যা দেওয়া হবে।
সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি পূরণে নবম পে স্কেল বাস্তবায়নের এই উদ্যোগ প্রশাসনিক ও আর্থিক খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




