বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে

প্রকাশিত: জুন ১০, ২০২৬; সময়: ২:০৬ am | 
খবর > অর্থনীতি

পদ্মাটাইমস ডেস্ক : আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে শিল্পায়ন, বিনিয়োগ সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে দেশীয় উৎপাদনমুখী শিল্পখাতকে উৎসাহিত করতে বিভিন্ন কর রেয়াত, ভ্যাট অব্যাহতি এবং আমদানি পর্যায়ে শুল্ক সুবিধা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

অন্যদিকে স্থানীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো এবং অভ্যন্তরীণ বাজার সুরক্ষায় আমদানিনির্ভর ও বিলাসবহুল পণ্যের ওপর শুল্ক ও করহার বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এসব পদক্ষেপ দেশের শিল্পভিত্তি শক্তিশালী করার পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রতি অর্থবছরের বাজেটেই রাজস্ব আহরণ বাড়াতে কিছু পণ্য ও সেবার ওপর কর ও শুল্ক বাড়ানো হয়, আবার সাধারণ মানুষের স্বস্তির কথা বিবেচনা করে কিছু ক্ষেত্রে তা কমানো হয়। ফলে বাজারে বিভিন্ন পণ্যের দামে পরিবর্তন আসে। এবার ভ্যাট ও শুল্ক কাঠামোয় পরিবর্তনের কারণে রড ও সিগারেটের দাম বাড়তে পারে। অন্যদিকে স্বর্ণ ও কিছু প্রসাধনী পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রগুলো বলছে, সিগারেট থেকে সরকার প্রতি বছর উল্লেখযোগ্য রাজস্ব আয় করে থাকে। সেই ধারাবাহিকতায় এবারও সিগারেটের মূল্যস্তর বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। ফলে সব ধরনের সিগারেটের দাম বাড়তে পারে, বিশেষ করে প্রিমিয়াম ব্র্যান্ডের সিগারেটের দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠা নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকো পণ্যের ওপরও নতুন কর আরোপের পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত বাজেটে ১০ গ্রাম নিকোটিন পাউচের সর্বোচ্চ খুচরা মূল্য ৫০০ টাকা নির্ধারণ করে এর ওপর ৪০ শতাংশ সম্পূরক শুল্কসহ মোট ৬২ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে। ফলে এসব পণ্যের দামও বাড়তে পারে।

দাম বাড়তে পারে দেশীয় মদ ও বিয়ারেরও। বর্তমানে এসব পণ্যের উৎপাদনে মাদক শুল্ক থাকলেও আগামী বাজেটে প্রতি লিটারে ৫০০ টাকা সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব রয়েছে।

গৃহনির্মাণের অন্যতম প্রধান উপকরণ এমএস রডের দামও বাড়ার আশঙ্কা রয়েছে। বাজেটে এমএস রডের কাঁচামাল স্ক্র্যাপ শিটের ওপর টনপ্রতি ৩০০ টাকা এবং এমএস পণ্যের ওপর ৪০০ টাকা সুনির্দিষ্ট কর বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

বিদেশ থেকে আমদানি করা তাজা, ঠান্ডা ও হিমায়িত মাছের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের কারণে এসব পণ্যের দামও বাড়তে পারে। একইভাবে সুগন্ধি, ওষুধ, কীটপতঙ্গ ও ছত্রাকনাশক তৈরিতে ব্যবহৃত আমদানিকৃত বৃক্ষ বা বৃক্ষের অংশের ওপরও ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব রয়েছে।

এ ছাড়া কাজুবাদাম আমদানির ক্ষেত্রে শুল্কহার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে বাজারে কাজুবাদামের দামও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাজধানীর যানজট এড়াতে জনপ্রিয় হয়ে ওঠা হেলিকপ্টার সেবার ব্যয়ও বাড়তে পারে। বাজেটে হেলিকপ্টারের নিবন্ধন ও ফিটনেস নবায়নের ক্ষেত্রে ১০ লাখ টাকা উৎসে কর আরোপের প্রস্তাব করা হয়েছে। এর প্রভাব ভাড়ার ওপর পড়তে পারে।

এদিকে বাস পরিবহন খাতেও ব্যয় বাড়ার সম্ভাবনা রয়েছে। কারণ প্রস্তাবিত বাজেটে বাসের অগ্রিম আয়কর বৃদ্ধি করা হচ্ছে, যার প্রভাব যাত্রীভাড়ার ওপর পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন