দাম কমতে পারে যেসব পণ্যের

প্রকাশিত: জুন ১১, ২০২৬; সময়: ৭:৩৬ pm | 
খবর > অর্থনীতি

পদ্মাটাইমস ডেস্ক : নিত্যপণ্যের ওপর বিভিন্ন পর্যায়ে কর ও শুল্ক হ্রাসের প্রস্তাব দিয়েছে সরকার। এতে করে আসন্ন অর্থবছরে কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্যের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী জানান, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রভাব থেকে জনসাধারণকে স্বস্তি দিতে একাধিক পণ্যে উৎসে কর, আমদানি শুল্ক ও ভ্যাট কমানো হয়েছে।

শিশুখাদ্য ও মসলাজাতীয় পণ্য

আমদানি করা শিশুখাদ্য প্রস্তুতিমূলক সামগ্রীর ওপর আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এতে বাজারে শিশুখাদ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে বলে আশা করা হচ্ছে।

এছাড়া জিরা, দারুচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ, ধনিয়া ইত্যাদি মসলাজাতীয় পণ্যের ওপর ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। খেজুর আমদানিতেও একই ধরনের শুল্ক প্রত্যাহার করা হয়েছে।

সোনা ও বৈদ্যুতিক গাড়ি

সোনা সরবরাহে উৎসে কর ৫ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি পূর্বের ৫ শতাংশ ভ্যাটও কমিয়ে আনা হয়েছে। ফলে সোনার ভরিপ্রতি দাম উল্লেখযোগ্যভাবে কমার সুযোগ তৈরি হয়েছে।

বৈদ্যুতিক গাড়ি (ইভি) আমদানিতে কর কাঠামোতে বড় পরিবর্তন আনা হয়েছে। করভার ৯৩ শতাংশ থেকে কমিয়ে ২৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত মূল্যের গাড়িতে ৬৪ শতাংশ এবং ৫০ হাজার ডলার পর্যন্ত গাড়িতে ৮০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চার্জিং স্টেশন স্থাপনের যন্ত্রপাতিতেও করছাড় দেওয়া হয়েছে।

নতুন প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেলেও (PHEV) কর সুবিধা রাখা হয়েছে। বিআরটিএ নিবন্ধন ও নবায়ন ফি-তে বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে অগ্রিম আয়করও কমানো হয়েছে।

তথ্যপ্রযুক্তি ও স্বাস্থ্যসেবা খাত

ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, সার্ভার, প্রিন্টার ও মনিটর আমদানিতে সব ধরনের আমদানি শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, সম্পূরক শুল্ক ও ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এতে প্রযুক্তিপণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে।

ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহার করা হয়েছে। এতে প্রতি ডায়ালাইসিস সেবার খরচ প্রায় ৮০০ টাকা পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে সরকার।

এছাড়া ওষুধের কাঁচামাল আমদানিতে বিভিন্ন ধরনের শুল্কছাড় দেওয়া হয়েছে। ক্যানসারের ওষুধ উৎপাদনে ব্যবহৃত নতুন ৯টি কাঁচামাল আমদানিতেও রেয়াতি সুবিধা ঘোষণা করা হয়েছে।

বিনোদন ও অন্যান্য পণ্য

গিটার, পিয়ানো, ভায়োলিনসহ বিভিন্ন বাদ্যযন্ত্র ও যন্ত্রাংশ আমদানিতে ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সিনেমাটোগ্রাফিক ক্যামেরা ও এর যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

এছাড়া সৌরবিদ্যুৎ সরঞ্জাম, পয়েন্ট অব সেলস (POS) যন্ত্র, বিদেশি মাংস, প্রাণিখাদ্য, লিপস্টিক, ফেসওয়াশসহ বিভিন্ন পণ্যের শুল্ক ও কর কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। এতে এসব পণ্যের দামও কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন