পুলিশের ১২ এসপি পদমর্যাদার কর্মকর্তাকে বদলি

পদ্মাটাইমস ডেস্ক : পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তাকে দেশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
উপসচিব নাসরীন সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) মো. আবু সাইমকে পঞ্চগড়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। বর্তমানে দায়িত্বে থাকা পঞ্চগড়ের এসপি মো. মিজানুর রহমানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া ডিএমপির ডিসি মনিরুল ইসলামকে মৌলভীবাজারের এসপি হিসেবে পদায়ন করা হয়েছে। অপরদিকে মৌলভীবাজারের বর্তমান এসপি মো. রিয়াজুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীর এসপি হিসেবে বদলি করা হয়েছে। নোয়াখালীর এসপি টি এম মোশাররফ হোসেনকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই প্রজ্ঞাপনে ডিএমপির ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে ঝিনাইদহের এসপি হিসেবে পদায়ন করা হয়েছে। ঝিনাইদহের বর্তমান এসপি মো. মাহফুজ আফজালকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) এসপি হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনীর এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিসি মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসপি মো. রাজীব ফরহান এবং ট্যুরিস্ট পুলিশের এসপি নিহাদ আদনান তাইয়ানকে রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।




