রাজশাহীতে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে কমিটি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত আগের নিয়মে প্রতি কেজি আলু সংরক্ষণের ভাড়া ৬ টাকা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলুচাষি, ব্যবসায়ী ও হিমাগারমালিকদের সঙ্গে আয়োজিত জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসেন আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম জানান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলীকে আহ্বায়ক করে গঠিত কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন না আসা পর্যন্ত আগের ভাড়াই কার্যকর থাকবে।
এর আগে ভাড়া কমানোর দাবিতে আলুচাষি ও ব্যবসায়ীরা হিমাগার থেকে আলু বেচাকেনা বন্ধ রাখেন। তাঁদের দাবি, প্রকৃত খরচ বিবেচনায় নিয়ে ভাড়া পুনর্নির্ধারণ করতে হবে। রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম ডনি বলেন, এক বস্তা আলু সংরক্ষণে খরচ প্রায় ১০০ টাকা হলেও ভাড়া নেওয়া হচ্ছে ৪৭৫ টাকা, যা অযৌক্তিক।
অন্যদিকে রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান বলেন, বিদ্যুৎ, শ্রমিক ও পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় ভাড়া বৃদ্ধি করা হয়েছে।




