ছেলের মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় প্রাণ গেল মায়ের

প্রকাশিত: জুন ১৫, ২০২৬; সময়: ১২:২৮ am | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, বদলগাছী : মেয়ে-জামাইয়ের বাড়ি থেকে ছেলের মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শামসুন্নাহার (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ছেলে সারমাদুল রহমান (৩৫) আহত হয়েছেন।

রোববার (১৪ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার ছোট যমুনা সেতুর পশ্চিম পাশে পোস্ট অফিস সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুন্নাহার মহাদেবপুর উপজেলার জন্তিগ্রামের মৃত নাজিম উদ্দিন সরকারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শামসুন্নাহার মেয়ের বাড়ি বদলগাছী থেকে ছেলে সারমাদুল রহমানের মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে ডাকবাংলো ফিডার সড়ক থেকে মূল সড়কে ওঠার সময় জয়পুরহাটগামী ধানবোঝাই একটি ছয় চাকার ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২২-২১৫৯) সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।

সংঘর্ষের একপর্যায়ে মোটরসাইকেলের পেছনে বসা শামসুন্নাহার সড়কে ছিটকে পড়ে যান। এ সময় ট্রাকের পেছনের চাকার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।

বদলগাছী থানার ওসি রুহুল আমিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি পলাতক ট্রাকচালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন