জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি

পদ্মাটাইমস ডেস্ক : জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে নিজের জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে উল্লেখ করায় দুঃখ প্রকাশ করেছেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর সমর্থিত সংসদ সদস্য (এমপি) আব্দুল মুনতাকিম।
রোববার (১৪ জুন) সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি তার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা থাকার দাবি করেন। বক্তব্যে তিনি বলেন, তার বাবা ও দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন।
সংসদে দেওয়া বক্তব্যে মুনতাকিম বলেন, “আমার আব্বারা সাত ভাই, চারজন মুক্তিযোদ্ধা। আমার দাদারা ১৯ জন, ১১ জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।” এ সময় তিনি দাবি করেন, তার বাবা ও দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন।
তবে তার নির্বাচনী হলফনামা অনুযায়ী, এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালের ১০ জানুয়ারি, অর্থাৎ মহান মুক্তিযুদ্ধের প্রায় এক দশক পরে। এ তথ্য সামনে আসার পর তার বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এদিকে জানা গেছে, তার বাবা আব্দুল কাদের সৈয়দী ও মা মোসলমান বেগম দুজনই বর্তমানে জীবিত রয়েছেন। তারা নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামে ছেলের সঙ্গে বসবাস করছেন।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে এমপি মুনতাকিম বলেন, সংসদ অধিবেশনের সময় তিনি অসুস্থ ছিলেন এবং তীব্র মাথাব্যথায় ভুগছিলেন। তিনি বলেন, “আসলে আমার বাবা বেঁচে আছেন। মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন আমার দাদা ও চাচা। সংসদে ভুল কিছু বলে থাকলে দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করছি।”
তিনি আরও বলেন, অসুস্থতার কারণে বক্তব্য দেওয়ার সময় অনিচ্ছাকৃতভাবে এ ভুল হয়েছে এবং এ ঘটনায় তিনি দুঃখিত।




