পরীমনি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

পদ্মাটাইমস ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৮ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা অনুবিভাগ) কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়, ডিবির গুলশান বিভাগে কর্মরত থাকাকালে দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হয়েও সরকারি দায়িত্বের বাইরে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নৈতিকতাবহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন সাকলায়েন।
এতে উল্লেখ করা হয়, তিনি বিবাহিত ও এক সন্তানের জনক হওয়া সত্ত্বেও পরীমনির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক, জন্মদিন উদযাপন এবং সরকারি বাসভবনে স্ত্রীর অনুপস্থিতিতে সময় কাটানোর বিষয়গুলো বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয় এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
সাকলায়েন ২০২৩ সালের ১৯ মার্চ অভিযোগের জবাব দেন এবং ব্যক্তিগত শুনানির আবেদন করেন। পরে ২৮ মার্চ তার ব্যক্তিগত শুনানি অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে অভিযোগের গুরুত্ব বিবেচনায় তদন্তের জন্য ২০২৩ সালের ৩০ আগস্ট একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত শেষে ১২ ডিসেম্বর জমা দেওয়া প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে মতামত দেওয়া হয়।
এর ভিত্তিতে ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি তাকে দ্বিতীয় দফা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তিনি ১০ মার্চ ওই নোটিশের জবাব দেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশের জবাব, তদন্ত প্রতিবেদন এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনায় তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে মতামতের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কাছে পাঠানো হলে কমিশনও তাকে বাধ্যতামূলক অবসর দেওয়ার পক্ষে পরামর্শ দেয়।
এরপর নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রপতি গত ১৭ জুন তাকে বাধ্যতামূলক অবসর প্রদানসংক্রান্ত গুরুদণ্ড আরোপে অনুমোদন দেন।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় বিধিমালার ৪(৩)(খ) ধারা অনুসারে মো. গোলাম সাকলায়েনকে চাকরি থেকে ‘বাধ্যতামূলক অবসর’ সূচক গুরুদণ্ড প্রদান করা হয়েছে।




