আ.লীগ নেতাকর্মী ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশিত: জুন ২২, ২০২৬; সময়: ৫:৫৮ pm | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক, রাবি : কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঘোষিত ২৩ জুনের কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “যে স্বৈরাচার বাংলাদেশের মানুষের রক্ত ঝরিয়েছে, তাদেরকে বাংলার মাটিতে আর মিছিলের সুযোগ দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের কিছু সুশীল শিক্ষক এখনো আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করছেন। আজ থেকে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বা কর্মকর্তা যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলেন, তবে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ দেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।”

আগামী ২৩ জুন আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি প্রতিহতের ঘোষণা দিয়ে তিনি বলেন, “ফজরের নামাজের পর থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন মোড়ে অবস্থান নেবেন। এ সময় কেউ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে ধরিয়ে দিতে পারলে তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।”

সমাবেশে ছাত্রদলের নেতারা আওয়ামী লীগের কর্মসূচির সমালোচনা করেন এবং সংগঠনের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। বিক্ষোভ মিছিল ও সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন