আ.লীগ ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
৩০ জুন পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী

পদ্মাটাইমস ডেস্ক : দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মহানগরসহ ছয় এলাকায় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার। আগামী ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনা সদস্য দায়িত্ব পালন করবেন।
সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক জরুরি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে।
এ পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলায় শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সেনা মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে আগামীকাল ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীজুড়ে ২০০টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ পিকেট ও চেকপোস্ট স্থাপন করা হবে। পাশাপাশি ঢাকার সব প্রবেশপথে তল্লাশি কার্যক্রম জোরদার করা হবে।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নিয়মিত পুলিশের পাশাপাশি ডিবি, সিটিটিসি, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং আইএডির সদস্যরা মাঠে সক্রিয় থাকবেন। যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে তারা গোয়েন্দা নজরদারি পরিচালনা করবেন।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় মহানগরের বিভিন্ন স্থানে ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হবে। এছাড়া রাজধানীর চারটি প্রধান কন্ট্রোলরুমে অতিরিক্ত পুলিশ সদস্য রিজার্ভ রাখা হবে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ডিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি মাঠে থেকে নিরাপত্তা কার্যক্রম তদারকি করবেন।




