৮ সিটিতে মেয়র প্রার্থী চূড়ান্ত করল জামায়াত

প্রকাশিত: জুন ২২, ২০২৬; সময়: ১১:০৫ pm | 
খবর > রাজনীতি

পদ্মাটাইমস ডেস্ক : দেশের ১৩টি সিটি করপোরেশনের মধ্যে আটটিতে মেয়র পদে প্রার্থী প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রার্থীদের নাম চূড়ান্ত অনুমোদনের জন্য দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিশে শুরায় উপস্থাপন করা হবে।

সকাল ৯টায় শুরু হয়ে বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলা বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এতে দলের নির্বাহী পরিষদের সদস্যরা অংশ নেন।

বৈঠক সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সাবেক ডাকসু ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম) কে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নের সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনে নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, গাজীপুরে সাবেক বিশ্ববিদ্যালয় শিক্ষক হাফিজুর রহমান, বরিশালে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল, রংপুরে মহানগর আমির এ টি এম আজম খান, খুলনায় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ মাহফুজুর রহমান এবং নারায়ণগঞ্জে মহানগর আমির মোহাম্মদ আবদুল জব্বারকে প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে।

তবে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা ও নবগঠিত বগুড়া সিটি করপোরেশনে এখনো মেয়র প্রার্থী নির্ধারণ করা হয়নি। এসব সিটিতে একাধিক সম্ভাব্য প্রার্থীর বিষয়ে পর্যবেক্ষণ শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাহী পরিষদের বৈঠকে কয়েকজন সম্ভাব্য প্রার্থীর বিষয়ে আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মজলিশে শুরা। সবকিছু ঠিক থাকলে পরবর্তী শুরা বৈঠকেই প্রার্থীদের নাম চূড়ান্ত হতে পারে।

বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তে পুশ-ইন ইস্যু, রাজনৈতিক হত্যাকাণ্ড, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট, ১১-দলীয় ঐক্যের কর্মসূচি এবং বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা ও নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ ছাড়া আগামী ২৬ জুন অনুষ্ঠেয় কেন্দ্রীয় মজলিশে শুরার অধিবেশন এবং দলের সাংগঠনিক কার্যক্রম নিয়েও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন