আওয়ামী দোসর আখ্যা দিয়ে সাংবাদিক পেটাল জামায়াত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দৈনিক সকালের প্রতিবেদক মাহফুজুর রহমান শিশিরসহ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) সকালে বিক্ষোভ কর্মসূচি শেষে ব্রিফিং চলাকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন হারানো এবং পরবর্তী সময়ে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোন। কর্মসূচিতে জামায়াত নেতা মুস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম শাহিন, আনিসুজ্জামান, জাহিনুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে ব্রিফিং চলাকালে সাংবাদিকদের সঙ্গে উপস্থিত কয়েকজন নেতা-কর্মীর বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ বলে আখ্যা দেওয়া হয়। এর প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কয়েকজন কর্মী সাংবাদিকদের ওপর চড়াও হন।
হামলায় দৈনিক সকালের প্রতিবেদক মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাঁর মুখে আঘাত লাগে এবং রক্তক্ষরণ শুরু হয়। পরে ঘটনাস্থলে থাকা অন্যান্য সাংবাদিক তাঁকে উদ্ধার করে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
তবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে উল্লেখ করেছেন ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান খান। গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের এই রাজনৈতিক কর্মসূচিতে বহিরাগত কেউ ঢুকে পড়ে এমন অনভিপ্রেত ঘটনা ঘটিয়ে থাকতে পারে।”
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।




