রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার

প্রকাশিত: জুন ২৩, ২০২৬; সময়: ৮:৪০ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ অর্থ এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আরএমপির পক্ষ থেকে জানানো হয়, পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গঠিত বিশেষ মাদক দমন টিম মহানগরীতে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে। থানা ও ডিবি পুলিশের বাইরে বিশেষভাবে গঠিত এই টিমটি কমিশনারের নির্দেশনায় কাজ করছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন বোয়ালিয়া থানার পঞ্চবটি শেখের চক এলাকার মো. জাফরের ছেলে মো. ফাহিম (২০)। একই ঘটনায় ওই এলাকার বেলায়েত শেখের মেয়ে মোসা. বিনা বেগম (৫৪) পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, গত ২১ জুন রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে পঞ্চবটি শেখের চক এলাকায় বিনা বেগমের বাড়ির সামনে অভিযান চালানো হয়। এ সময় ফাহিমকে আটক করা সম্ভব হলেও বিনা বেগম কৌশলে পালিয়ে যান।

গ্রেপ্তারকৃত ফাহিমের দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে পলাতক আসামির বাড়িতে তল্লাশি চালিয়ে মাদক বিক্রির নগদ ৫৫ হাজার ১০০ টাকা, মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি স্মার্টফোন এবং দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ফাহিম ও বিনা বেগম দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরএমপি জানিয়েছে, ডিবি ও থানা পুলিশের পাশাপাশি বিশেষ মাদক দমন টিমের অভিযানও ধারাবাহিকভাবে চলবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন