বাগমারায় প্রতিপক্ষের হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

প্রকাশিত: জুন ৩০, ২০২৬; সময়: ৯:২৭ pm | 
খবর > রাজশাহী

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় প্রতিপক্ষের হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন নির্মল সরকার (৫৩) নামে এক ব্যক্তি। এ ঘটনায় তিনি একই গ্রামের প্রদীপ দাসসহ ৩-৪ জনের বিরুদ্ধে বাগমারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের রাজবাড়ীর কাঁচা সড়কে এ ঘটনা ঘটে।

থানায় দেওয়া অভিযোগে নির্মল সরকার জানান, সোমবার রাত ৮টার দিকে তিনি গোয়ালকান্দি বাজার থেকে নিজ গ্রাম উদপাড়ায় ফিরছিলেন। পথে রাজবাড়ীর কাঁচা সড়কে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রদীপ দাস ও তার সহযোগীরা তার ওপর হামলা চালায়।

অভিযোগে তিনি বলেন, হামলার একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে হামলাকারীরা তাকে জবাই করে হত্যার চেষ্টা করে। এ সময় তার চিৎকার শুনে পথচারীরা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

নির্মল সরকার আরও অভিযোগ করেন, প্রদীপ দাসের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক ও সামাজিক বিরোধ চলে আসছে। সেই বিরোধের জেরেই তার ওপর হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

এ বিষয়ে অভিযুক্ত প্রদীপ দাসের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্তের দায়িত্ব একজন উপপরিদর্শককে (এসআই) দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন