এলপিজির দাম কমল ৩৬০ টাকা

প্রকাশিত: জুলাই ২, ২০২৬; সময়: ৭:৩৫ pm | 
খবর > অর্থনীতি

‎নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন পর বোতলজাত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে সরকার। নতুন দরে ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা, যা গত মাসে ছিল ১ হাজার ৮৮৫ টাকা। অর্থাৎ, প্রতি সিলিন্ডারে দাম কমেছে ৩৫৭ টাকা।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর রমনায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন মূল্য বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

বিইআরসি জানায়, সৌদি কন্ট্রাক্ট প্রাইস (সিপি) কমে যাওয়ায় এলপিজির দাম হ্রাস পেয়েছে। জুন মাসে প্রতি টন এলপিজির সৌদি সিপি ছিল ৭৯৯ মার্কিন ডলার, যা জুলাই মাসে কমে ৫৯৩ ডলারে নেমেছে। অর্থাৎ, প্রতি টনে দাম কমেছে ২০৬ ডলার।

তবে একই সময়ে ডলারের বিনিময় হার সামান্য বেড়েছে। গত মাসে প্রতি ডলার ১২২ টাকা ৮১ পয়সা ধরা হলেও চলতি মাসে তা বেড়ে হয়েছে ১২৩ টাকা ৮ পয়সা। এছাড়া জাহাজভাড়া ও অন্যান্য ব্যয় মিলিয়ে প্রিমিয়াম ২০০ ডলার থেকে কমে ১৮০ ডলারে নেমেছে।

এসব সমন্বয়ের ফলে প্রতি কেজি এলপিজির মূল্য জুনে ১৫৭ টাকা ৬ পয়সা থেকে কমে জুলাইয়ে ১২৭ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, কেজিপ্রতি দাম কমেছে ২৯ টাকা ৭৬ পয়সা।

নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজির একটি সিলিন্ডার কোম্পানি পর্যায়ে বিক্রি হবে ১ হাজার ৪৩৩ টাকায়, পাইকারি পর্যায়ে ১ হাজার ৪৮৩ টাকায় এবং সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা। একই অনুপাতে অন্যান্য ওজনের সিলিন্ডারের দামও সমন্বয় করা হয়েছে।

এ ছাড়া, জুলাই মাসে বাসাবাড়িতে রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহ করা এলপিজির দাম প্রতি কেজি ১২৩ টাকা ৫৫ পয়সা এবং যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটার ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন