বাগমারায় এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে ইউএনও, নকলমুক্ত পরিবেশে সন্তোষ

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহম্মেদ। এ সময় তিনি কেন্দ্রগুলোর পরীক্ষার পরিবেশে সন্তোষ প্রকাশ করেন এবং নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের আহ্বান জানান।
জানা গেছে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হয়েছে। পরীক্ষা শুরুর দিন ইউএনও সেলিম আহম্মেদ বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমানকে সঙ্গে নিয়ে ভবানীগঞ্জ ডিগ্রি (স্নাতক) মাদ্রাসা পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। সেখানে পরীক্ষার পরিবেশ পর্যবেক্ষণ করে তিনি সন্তোষ প্রকাশ করেন।
পরে তিনি ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ ও ভবানীগঞ্জ কারিগরি কলেজ পরীক্ষাকেন্দ্রও পরিদর্শন করেন। কেন্দ্রগুলোর পরিবেশ পর্যবেক্ষণ শেষে নকলমুক্তভাবে পরীক্ষা গ্রহণে দায়িত্ব পালন করায় কেন্দ্র সচিবদের ধন্যবাদ জানান।
ইউএনও সেলিম আহম্মেদ বলেন, আগামী পরীক্ষাগুলোও যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। পরীক্ষা পরিচালনায় কোনো ধরনের আইনশৃঙ্খলা বা প্রশাসনিক সহায়তার প্রয়োজন হলে উপজেলা প্রশাসনকে দ্রুত অবহিত করারও আহ্বান জানান তিনি।
পরিদর্শনের সময় তিনি পরীক্ষার্থী, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এবং কেন্দ্র সচিবদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
ভবানীগঞ্জ ফাজিল (স্নাতক) মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব ড. ওয়ারেশ আলী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তিনি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্টদের খোঁজখবর নিয়েছেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। প্রশাসনের এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকলে আগামী পরীক্ষাগুলোও সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।




