বিদায় নিচ্ছে তাপপ্রবাহ, পাঁচ দিনের টানা বৃষ্টির পূর্বাভাস

আজই তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি, দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬; সময়: ১:০৮ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : কয়েক দিনের ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহের পর স্বস্তির বার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ (রোববার) থেকে টানা পাঁচ দিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়ে চলমান তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

রোববার (৫ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর বিভাগের পাশাপাশি রাজশাহী, পাবনা, নওগাঁ, ঢাকা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, ফেনী, কক্সবাজার ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।

পরবর্তী চার দিনের পূর্বাভাসেও বৃষ্টিপাতের ধারাবাহিকতা বজায় থাকার কথা জানিয়েছে সংস্থাটি। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের প্রায় সব বিভাগেই দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের মতে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকায় তীব্র গরম থেকে স্বস্তি মিললেও ভারী বর্ষণের কারণে নিচু এলাকা, নগরাঞ্চল ও পাহাড়ি অঞ্চলে জলাবদ্ধতা এবং স্থানীয়ভাবে দুর্ভোগের আশঙ্কা রয়েছে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন