অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল নগর গঠনে সংলাপ অনুষ্ঠিত

প্রধান অতিথি ছিলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন, নিরাপদ আবাসন ও টেকসই নগর ব্যবস্থাপনায় গুরুত্বারোপ

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬; সময়: ১:৫১ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : ‘সবার জন্য নিরাপদ আবাসন: অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল রাজশাহী গঠনে নগর সংলাপ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

রোববার (৫ জুলাই) বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ (বারসিক) আয়োজিত এ সংলাপ নগরীর হোটেল ওয়ারিসানে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দ্রুত নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নিরাপদ আবাসন নিশ্চিত করার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক ও পরিকল্পিত নগর ব্যবস্থাপনা গড়ে তোলা সময়ের দাবি। এ জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সংলাপে নগর উন্নয়ন, আবাসন অধিকার, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন অংশীজন গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন। বক্তারা জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ, প্রান্তিক জনগোষ্ঠীর আবাসন অধিকার নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব নগর পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন নগর উন্নয়নে অংশীজনভিত্তিক পরিকল্পনা, নিরাপদ আবাসন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন