পুলিশের সোর্সকে গুলি করে কুপিয়ে হত্যা

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬; সময়: ৪:৫৯ pm | 
খবর > আঞ্চলিক

পদ্মাটাইমস ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে মুহাম্মদ আজম (৪৮) নামে পুলিশের এক সোর্সকে গুলি করার পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার মেখল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেখল গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্বজনরা জানান, সকালে বাড়ির পাশের একটি বিলে জাল দিয়ে মাছ ধরছিলেন আজম। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে প্রথমে তার পায়ে গুলি করে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত আজমের পরিবার জানায়, তিনি বাড়িতে দর্জির কাজ করে জীবিকা নির্বাহ করতেন। স্থানীয় এক চিহ্নিত ব্যক্তির নেতৃত্বে পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তাদের অভিযোগ।

স্থানীয় ইউপি সদস্য মো. সৈয়দ মিয়া বলেন, এলাকার কিছু লোকজনের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

হাটহাজারী ও ফটিকছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তারেক আজিজ জানান, নিহত মুহাম্মদ আজম পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। সুরতহালে তার পায়ে গুলির চিহ্ন এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের আলামত পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, স্থানীয় বাসিন্দা দিদারুল নামের এক ব্যক্তির নেতৃত্বে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। দিদারুল এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত; তার বিরুদ্ধে থানায় আটটি মামলা রয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। তাকে ও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন