নাটোরে জামায়াত নেতার বাড়ির দরজায় কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকি

জ্যেষ্ঠ প্রতিবেদক : নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের বাঁশভাগ গ্রামে এক জামায়াত নেতার বাড়ির দরজায় কাফনের কাপড় রেখে চিরকুটের মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১ জুলাই) ভোরে ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভুক্তভোগী আব্দুল গফুর (৬০) ওই গ্রামের বাসিন্দা। নলডাঙ্গা পৌর জামায়াতের মেয়র প্রার্থী ড. জিয়াউল হক জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায় করে বুধবার ভোরে বাড়িতে ফিরে দরজার সামনে একটি কাফনের কাপড় ও একটি চিরকুট দেখতে পান আব্দুল গফুর। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতের কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা এসব রেখে যায়।
চিরকুটে লেখা ছিল, “সময় থাকতে ভালো হয়ে যা। পরে আর নাও সময় পেতে পারিস। আল্লাহ ছাড়া বাঁচাবার মতো কেউ নাই। অবস্থা খারাপ হওয়ার আগে ভালো হয়ে যা। আল্লাহ তোকে হেদায়েত দিক। মানুষের ওপর নির্ভরশীলতা বাদ দিয়ে আল্লাহভীরু হ।”
ঘটনার পর আব্দুল গফুর ও তার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন। তাদের দাবি, কে বা কারা এ ধরনের হুমকি দিয়েছে, সে বিষয়ে তারা কিছুই জানেন না। তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় বাসিন্দারাও জানান, এমন ঘটনার পর এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”




