মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত আরেক মেয়ে

পদ্মাটাইমস ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুরে এক নারী ও তাঁর দুই মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পরিবারের আরেক সদস্য গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পৌর শহরের ধানহাটা এলাকার একটি ভাড়া বাসা থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন শাহীনুর বেগম (৩৫), তাঁর মেয়ে ইকরা (১৭) ও সিফা (১৩)। গুরুতর আহত ছায়মা (২১)কে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ভাড়া বাসার ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গেছে, নিহতদের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার লটিয়া গ্রামে। ২০১৯ সালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহীনুরের স্বামী কামাল হোসেনের মৃত্যু হয়। এরপর থেকে তিনি সন্তানদের নিয়ে রায়পুর পৌর শহরের ধানহাটা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। জীবিকার তাগিদে পরিবারটি প্লাস্টিকজাত পণ্য ফেরি করে বিক্রি করত। স্বামীর মৃত্যুর পর সংসারের হাল ধরতে ছেলে সিফাত ফল বিক্রির কাজ শুরু করেন।
এ ঘটনায় জহির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। আহত অবস্থায় তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি পেশায় ভ্রাম্যমাণ ফল বিক্রেতা। নিহত পরিবারের সঙ্গে তাঁর গ্রামের বাড়ি একই এলাকায় বলে জানা গেছে।
রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম বলেন, “ধারালো অস্ত্রের আঘাতে তিনজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।”
পুলিশ জানিয়েছে, হত্যার পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।




