আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং ন্যায্য ছিল: সুইস কোচ ইয়াকিন

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬; সময়: ১২:২৯ pm | 
খবর > খেলা

পদ্মাটাইমস ডেস্ক | ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার শেষ ষোলোর ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে যখন তুমুল বিতর্ক চলছে, তখন আর্জেন্টিনার পক্ষেই অবস্থান নিয়েছেন সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন। তার মতে, ম্যাচের রেফারিং ছিল স্বচ্ছ ও ন্যায্য।

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের জয়ের পর রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে মিশরীয় শিবির। তবে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম ও স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের মতো ইয়াকিনও মনে করেন, ম্যাচ পরিচালনায় কোনো পক্ষপাতিত্ব ছিল না।

আর্জেন্টিনা রেফারিদের কাছ থেকে বাড়তি সুবিধা পায় কি না—এমন প্রশ্নের জবাবে ইয়াকিন বলেন, “আমি মনে করি ম্যাচগুলো সাধারণত ন্যায্যভাবেই পরিচালিত হয়। এখন ভিএআর ও আধুনিক প্রযুক্তির কারণে প্রায় সব সিদ্ধান্তই যাচাই করা সম্ভব। আর্জেন্টিনা কঠিন ও আগ্রাসী ফুটবল খেলে। তারা কৌশলী এবং প্রবল আবেগ নিয়ে লড়ে। তাদের বিপক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে না পারলে জয় পাওয়া কঠিন। তবে আমি বলব না যে ম্যাচে নেতিবাচক বা অন্যায্য কিছু ঘটেছে।”

ম্যাচ-পরবর্তী বিতর্ক নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন সুইস কোচ। তার ভাষায়, “খেলা শেষ হওয়ার পর অভিযোগ তুলে কোনো সমাধান হয় না। যা করার, তা ৯০ মিনিটের মধ্যেই করতে হয়। ম্যাচ শেষে একে অপরকে দোষারোপ বা কাদা ছোড়াছুড়ি করার কোনো অর্থ নেই।”

এদিকে কোয়ার্টার ফাইনালে রোববার সকালে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। ম্যাচটির আগে ইয়াকিনের এমন মন্তব্য ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন