প্রাথমিক বৃত্তি পেল ৭৯ হাজার শিক্ষার্থী

ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫, সাধারণ বৃত্তিতে ৪৬ হাজার ২৮১; ফল প্রকাশের কার্যক্রম চলছে, অনলাইনে আপলোডে লাগতে পারে আরও ২-৩ ঘণ্টা

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬; সময়: ২:০১ pm | 
খবর > শিক্ষাঙ্গন

পদ্মাটাইমস ডেস্ক : প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফলে সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন (৪৫.২৯ শতাংশ) এবং ছাত্রী ৪৩ হাজার ৩৫৪ জন (৫৪.৭১ শতাংশ), যা মেয়েদের অংশগ্রহণ ও সাফল্যের ধারাবাহিকতা তুলে ধরেছে।

রোববার (১২ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, স্বীকৃতি প্রদান এবং জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে চলতি বছরের এপ্রিল মাসে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা-২০২৬ অনুযায়ী মোট ৮২ হাজার ৫০০টি বৃত্তি দেওয়ার পরিকল্পনা ছিল। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ বৃত্তিতে ৪৯ হাজার ৫০০টি আসন নির্ধারণ করা হয়। ট্যালেন্টপুলে সরকারি বিদ্যালয়ের জন্য ৮০ শতাংশ এবং বেসরকারি বিদ্যালয়ের জন্য ২০ শতাংশ কোটা সংরক্ষিত ছিল। অন্যদিকে সাধারণ বৃত্তিতে সরকারি বিদ্যালয়ের জন্য ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক বৃত্তি এবং বেসরকারি বিদ্যালয়ের জন্য উপজেলাভিত্তিক কোটা রাখা হয়।

এবারের পরীক্ষায় দেশের ৭৮ হাজার ৮১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে সরকারি বিদ্যালয় ৬৫ হাজার ৬০৫টি এবং বেসরকারি বিদ্যালয় ১৩ হাজার ২০৫টি। নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লাখ ৪৫ হাজার ৪১ জন। তবে পরীক্ষায় উপস্থিত হয় ৪ লাখ ১৯ হাজার ৯৮২ জন, যা মোট নিবন্ধিত শিক্ষার্থীর ৬৫.১১ শতাংশ। উপস্থিতদের মধ্যে ছাত্র ছিল ১ লাখ ৬৬ হাজার ৬৪১ জন এবং ছাত্রী ২ লাখ ৫৩ হাজার ৩৪১ জন।

বৃত্তিপ্রাপ্তদের হিসাবে ট্যালেন্টপুলে সরকারি বিদ্যালয় থেকে ২৬ হাজার ৩৭৫ জন এবং বেসরকারি বিদ্যালয় থেকে ৬ হাজার ৫৯০ জন নির্বাচিত হয়েছে। সাধারণ বৃত্তিতে সরকারি বিদ্যালয়ের ৩৬ হাজার ৪২০ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৯ হাজার ৮৬১ জন শিক্ষার্থী স্থান পেয়েছে।

এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, বৃত্তির ফল অনলাইনে আপলোডের কার্যক্রম শুরু হয়েছে। সম্পূর্ণ ফল প্রকাশ ও সব তথ্য হালনাগাদ হতে আরও দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে। এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ছয় লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে অধিকাংশই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন