শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাতেও রাজপথেএইচএসসি পরীক্ষার্থীরা

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬; সময়: ১০:৩৯ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধের পর রাতেও আন্দোলন চালিয়ে গেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশের লাঠিচার্জে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সমাবেশ করে শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরেন। পরে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে সড়ক অবরোধ করলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ বারবার সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও শিক্ষার্থীরা অবস্থান অব্যাহত রাখেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ শিক্ষার্থীদের সংসদ ভবনের সামনের এলাকা থেকে সরিয়ে দিলে তারা আসাদগেটের আড়ং মোড়ে গিয়ে অবস্থান নেন। সেখানে কিছু আন্দোলনকারী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ আবারও ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে।

রাত পর্যন্ত শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ ও স্লোগান অব্যাহত রাখেন। তাদের তিন দফা দাবি হলো—

  • দুর্যোগ পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করা।
  • ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা।
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

এদিকে মঙ্গলবার জাতীয় সংসদে বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন তার একটি ব্যক্তিগত মন্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি জানান, চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতায় যেসব পরীক্ষা স্থগিত হয়েছে, সেগুলো নতুন প্রশ্নপত্রে পুনরায় নেওয়া হবে। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা ও হিসাববিজ্ঞানসহ স্থগিত হওয়া পরীক্ষাগুলো একই দিনে নতুন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন