সারজিস-পাটওয়ারীর সামনে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন এনসিপি নেতা
সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর উপস্থিতিতে স্লোগান; ‘অসাবধানতাবশত’ উচ্চারণের দাবি জেলা নেতার

পদ্মাটাইমস ডেস্ক : গাইবান্ধায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক পথসভায় সমাপনী বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। অনুষ্ঠানের সভাপতি ও এনসিপির সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক শফিজল ইসলাম বক্তব্যের শেষ মুহূর্তে এ স্লোগান দেন। সে সময় মঞ্চে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সহ কেন্দ্রীয় নেতারা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শহীদ মিনার চত্বরে জেলা এনসিপির আয়োজিত পথসভায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে ঘটনাটির ৫৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছার কথা তুলে ধরে বক্তব্য শেষ করার সময় শফিজল ইসলাম বলেন, “খোদা হাফেজ, জয় বাংলা।” স্লোগানটি উচ্চারণের পর মঞ্চে উপস্থিত নেতাদের মধ্যে তাৎক্ষণিকভাবে বিস্ময় ও ফিসফাস শুরু হয়। এরপর তিনি মঞ্চ ত্যাগ করেন।
ঘটনার বিষয়ে এনসিপির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক খাদেমুল ইসলাম বলেন, শফিজল ইসলাম এর আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। এলাকায় তাঁর ব্যক্তিগত গ্রহণযোগ্যতার কারণে তাঁকে উপজেলা শাখার আহ্বায়ক করা হয়েছে। বড় জনসমাগমে বক্তব্য দেওয়ার অভিজ্ঞতা না থাকায় তিনি অসাবধানতাবশত ‘জয় বাংলা’ বলে ফেলেছেন বলে দাবি করেন তিনি।
ওই পথসভায় সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, কেন্দ্রীয় নেতা নাজমুল হাসান, সুমাইয়া ফারজানা সহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগঞ্জে কবর জিয়ারত শেষে ঢাকায় ফেরার পথে কেন্দ্রীয় নেতারা এ পথসভায় অংশ নেন।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। তবে এনসিপির পক্ষ থেকে এটি অনিচ্ছাকৃত মন্তব্য বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে।




