জামায়াত এমপিকে ঘিরে বিতর্ক: নিরপেক্ষ তদন্তের দাবি তাসনিম জারার
ভিডিও ও চাকরির সুপারিশপত্র ঘিরে প্রশ্ন; সত্য উদঘাটনে তদন্ত কমিটি গঠনের আহ্বান

পদ্মাটাইমস ডেস্ক : সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও এবং এক তরুণীর জীবনবৃত্তান্তে দেওয়া সুপারিশকে কেন্দ্র করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা।
বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ঘটনাটি কেবল ব্যক্তিগত বিতর্ক হিসেবে দেখার সুযোগ নেই। বরং অভিযোগের সত্যতা যাচাইয়ে দ্রুত তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। এ বিষয়ে এমপি গাজী নজরুল ইসলাম দাবি করেছেন, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী। তিনি জানান, প্রথম স্ত্রীর সম্মতিতেই গত ১৭ জুন ওই তরুণীকে বিয়ে করেছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই তরুণীর জীবনবৃত্তান্তে দেখা যায়, সেখানে ২২ জুন ২০২৬ তারিখে গাজী নজরুল ইসলামের স্বাক্ষরসহ ‘জোর সুপারিশ করছি’ লেখা রয়েছে। একই জীবনবৃত্তান্তে তরুণীর বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ থাকায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
তাসনিম জারা তার পোস্টে বলেন, জীবনবৃত্তান্ত অনুযায়ী তরুণীর বয়স মাত্র ১৮ বছর। চাকরির আশায় কোনো ক্ষমতাবান ব্যক্তির কাছে সুপারিশ নেওয়া দেশের দরিদ্র পরিবারের জন্য একটি বাস্তবতা। তাই এ ঘটনায় ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত হওয়া জরুরি।
তিনি আরও বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই কাউকে দোষী বলা ঠিক নয়। তবে যেসব তথ্য সামনে এসেছে, তা তদন্তের জন্য যথেষ্ট। অভিযোগ মিথ্যা হলে সংশ্লিষ্ট ব্যক্তি সম্মান ফিরে পাবেন, আর সত্য হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।
একই পোস্টে তাসনিম জারা সরকারি ও বেসরকারি চাকরিতে সুপারিশনির্ভর সংস্কৃতিরও সমালোচনা করেন। তার ভাষ্য, ক্ষমতাবানদের এক লাইনের সুপারিশের ওপর চাকরির সুযোগ নির্ভরশীল থাকলে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়ে এবং এমন পরিস্থিতির জন্ম নিতে পারে।
এদিকে ঘটনাটি নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে। তবে অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তদন্তের ঘোষণা দেওয়া হয়নি।




