ভিডিও বিতর্কে এমপি নজরুলের পদত্যাগের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সচেতন নাগরিক সমাজের ব্যানারে মিছিল-সমাবেশ; নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহির দাবি

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬; সময়: ৩:৪৮ pm | 
খবর > রাজনীতি

পদ্মাটাইমস ডেস্ক : সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে তার পদত্যাগের দাবি জানিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান বক্তারা।

বুধবার (২২ জুলাই) দুপুরে ‘শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে শ্যামনগর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভকারীদের হাতে গাজী নজরুল ইসলামের ছবি ও প্রতীকী ঝাড়ু দেখা যায়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

সমাবেশে পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর একের পর এক বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে সংসদের স্পিকারের কাছে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

নাগরিক নেতা অধ্যাপক আবু সাইদ বলেন, একজন জনপ্রতিনিধির প্রতি জনগণের যে প্রত্যাশা থাকে, তা ক্ষুণ্ন হয়েছে। তিনি ঘটনার সত্য উদঘাটন ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে আরও বক্তব্য দেন সোলাইমান কবির, আশেক ইলাহী মুন্না, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল রহমান, শ্যামনগর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকাত আলী, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন ঝর্ণাসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও জনপ্রতিনিধিরা।

এদিকে ভিডিওটি প্রসঙ্গে গাজী নজরুল ইসলাম দাবি করেছেন, ভিডিওতে থাকা তরুণী তার বৈধ দ্বিতীয় স্ত্রী। তার ভাষ্য, পুরো ঘটনাটি পরিকল্পিত ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অংশ। এ বিষয়ে তিনি লিখিত বক্তব্যও দিয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, ঘটনাটি নিয়ে দলীয়ভাবে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সাংগঠনিক প্রক্রিয়ায় বিষয়টি পর্যালোচনা করা হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন