২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য

বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কর সহজীকরণ ও ডিজিটাল সেবায় জোর প্রধানমন্ত্রীর

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬; সময়: ৩:২১ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, ব্যবসাবান্ধব নীতিমালা এবং প্রশাসনিক সংস্কারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কোনো দেশের অর্থনৈতিক অগ্রগতিতে শুধু উদ্যোক্তার দক্ষতাই নয়, সরকারের বিনিয়োগবান্ধব নীতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের সামনে নানা চ্যালেঞ্জ থাকলেও সম্ভাবনার পরিধি আরও বড়। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে নিরাপদ ও দীর্ঘমেয়াদি বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে।

তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য কর ও মূল্য সংযোজন কর (মূসক) ব্যবস্থা সহজ করা, প্রশাসনিক জটিলতা কমানো এবং সরকারি সেবাকে সম্পূর্ণ ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা ও আস্থার পরিবেশ নিশ্চিত করার দিকেও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি স্থিতিশীল ও প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে সরকার ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিনি দেশের উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে টেকসই বিদেশি বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে বলেন, বাংলাদেশ স্বল্পমেয়াদি নয়, দীর্ঘমেয়াদি ও টেকসই বিদেশি বিনিয়োগ চায়। এ লক্ষ্য অর্জনে সরকার ও বিনিয়োগকারীদের একসঙ্গে কাজ করতে হবে।

সংশ্লিষ্টদের মতে, করব্যবস্থা সহজীকরণ, সরকারি সেবার ডিজিটাল রূপান্তর এবং বিনিয়োগবান্ধব নীতির ধারাবাহিক বাস্তবায়ন হলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং ২০৩৪ সালের অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনের পথ আরও সুদৃঢ় হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন