রাজশাহীতে থার্টিফার্স্ট নাইটে সুবিধাবঞ্চিতদের মুখে খাবার তুলে দিলো হেল্প পিপল

নিজস্ব প্রতিবেদক : ইংরেজী বছরের শেষ দিন থার্টিফার্স্ট নাইট অনেকে অনেকভাবে পালন করে থাকেন। কেউ নাচ-গান, আতশবাজি, বন্ধুদের সাথে আড্ডা, অথবা কেউ বের হন প্রিয় মানুষের সাথে। তবে এসব না করে ভিন্ন রকম ভাবে থার্টিফার্স্ট নাইট উদযাপন করেছেন রাজশাহীর একদল তরুণ স্বেচ্ছাসেবী ।
রোববার (৩১ ডিসেম্বর) থার্টিফার্স্ট নাইটে নগরীর রেলওয়ে স্টেশন সংলগ্ন সড়কের একধারে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের মুখে একবেলা খাবার তুলে দিতে দেখা যায় রাজশাহী থেকে পরিচালিত হেল্প পিপল ফাউন্ডেশনের সদস্যদের।

এমন ব্যতিক্রমী উদ্যোগের বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা আল-রশিদ রাহি বলেন,আতশবাজি-পটকা-ফানুস উড়িয়ে শুধু শুধু টাকা নষ্ট হয়৷ এর থেকে ভালো হয় টাকা নষ্ট না করে সেই টাকা দিয়ে সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের মুখে খাবার তুলে দেওয়া। সেই ভাবনা থেকেই আমরা এমন উদ্যোগ নিয়েছি ।
তিনি আরও বলেন, আমরা আমাদের এই সংগঠনের মাধ্যমে সপ্তাহে অন্তত একদিন একবেলা নগরীর ছিন্নমূল মানুষের মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করি।
এদিকে থার্টিফার্স্ট নাইটে হেল্প পিপলের এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করছেন সুবিধাভোগী ও পথচারীরা।




