নারীরা কি কোরবানির পশু জবাই করতে পারবেন?

পদ্মাটাইমস ডেস্ক: ইসলামে কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করা হয়। এর মূল উদ্দেশ্য হলো বৈধ উপার্জনের পশু বিশুদ্ধ নিয়তে আল্লাহর নামে জবাই করা।
হাদিস অনুযায়ী, কোরবানির পশু নিজ হাতে জবাই করা সর্বোত্তম। মহানবী হজরত মুহাম্মদ (সা.) নিজ হাতে কোরবানির পশু জবাই করতেন এবং তাকবির পাঠ করতেন। হজরত আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত, “আমি আল্লাহর রাসুল (সা.)-কে তাকবির বলতে বলতে নিজ হাতে কোরবানির পশু জবাই করতে দেখেছি।” (মুসনাদে আহমাদ: ১২৪৬৬)
সাধারণত আমাদের সমাজে পুরুষরাই কোরবানির পশু জবাই করেন। তবে ইসলামি শরিয়তের দৃষ্টিতে নারীরা যদি পশু জবাইয়ের নিয়ম ভালোভাবে জানেন, তাহলে তারা নিজের কোরবানির পশু নিজ হাতে জবাই করতে পারেন। নারীর জবাইকৃত পশুও হালাল—যেমনটা পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য।
একটি প্রসিদ্ধ হাদিসে এসেছে:
ইবনে কাব ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, তাঁর পিতা বলেন, “আমাদের একটি দাসী একটি ছাগলকে মৃত্যুর কাছাকাছি অবস্থায় দেখে তা একটি পাথর ভেঙে দিয়ে জবাই করে। এরপর আমরা নবীজির (সা.) নিকট বিষয়টি জানতে চাই। তিনি (সা.) তা খাওয়ার অনুমতি দেন।” (সহিহ্ বুখারি: ২৩৪৪)
এই হাদিস স্পষ্টভাবে প্রমাণ করে, নারীদের পশু জবাই করা শরিয়তসম্মত এবং তার জবাইকৃত পশু হালাল।
সুতরাং, যদি কোনো নারীর ওপর কোরবানি ওয়াজিব হয় এবং তিনি জবাইয়ের সঠিক পদ্ধতি জানেন, তবে তিনি নিজেই কোরবানির পশু জবাই করতে পারবেন। এতে শরিয়তের দৃষ্টিতে কোনো বাধা নেই।
নারীদের জন্য কোরবানির পশু জবাই করা সম্পূর্ণ বৈধ। শর্ত একটাই-তারা যেন সঠিকভাবে আল্লাহর নামে জবাই করার নিয়ম জানেন এবং তা অনুসরণ করেন।




