আওয়ামী লীগের এমন বিপর্যয় নিয়ে যা বললেন আবদুল হামিদ
দলটিকে আবার রাজনীতির ময়দানে ফিরতে হলে তাদের অতীত ভুলগুলোর স্বীকারোক্তি ও সংশোধন দরকার।

পদ্মাটাইমস ডেস্ক: ছাত্র-জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ার ঘটনায় গভীর আক্ষেপ প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
তিনি বলেছেন, “আওয়ামী লীগের ভুল ছিল এবং এই ভুলেরই শাস্তি পাচ্ছে দলটি।”
দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট এই প্রবীণ নেতা মনে করেন, গত ১৬ বছরে দলটির শাসনামলে নানা ভুলের কারণে আজ এমন পরিণতির মুখোমুখি হয়েছে ঐতিহ্যবাহী দলটি।
আবদুল হামিদের শ্যালক ডা. আনম নওশাদ খান জানান, সাবেক রাষ্ট্রপতি প্রায়ই বলেন, “আমাদের অনেক ভুল ছিল। তা না হলে এমনটা কেন হতো? আজকের অবস্থা সেই ভুলেরই ফল।”
২০১২ সালে স্পিকার থাকাকালে এক বক্তব্যে আবদুল হামিদ বলেছিলেন, “সরকার স্বৈরাচারী হলে জনগণ বেশিদিন সায় দেবে না।” সেই সতর্কবাণী অবহেলা করারই মাশুল আজ দলটিকে দিতে হচ্ছে বলেও মনে করেন তিনি।
দীর্ঘদিন রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে আওয়ামী লীগের অনেক সিদ্ধান্তে তিনি আপত্তি জানিয়েছিলেন বলেও জানান নওশাদ খান। এমনকি শেখ হাসিনাকেও কিছু বিষয়ে সরাসরি বলতেন, যদিও এতে অনেকেই তাকে পছন্দ করত না।
আবদুল হামিদের বর্তমান শারীরিক অবস্থা গুরুতর। থাইল্যান্ডে এক মাস চিকিৎসা শেষে ৭ মে রাতে দেশে ফেরেন তিনি। ৮২ বছর বয়সি সাবেক এই রাষ্ট্রপতির ফুসফুসে ক্যানসার ‘থ্রি টু ফোর’ স্টেজে রয়েছে। চলাফেরা করতে পারেন না, নামাজও পড়তে পারেন না বলে জানান নওশাদ খান।
তার ভাষ্য, “তিনি (আবদুল হামিদ) বলেন, ‘নামাজ-কালাম তো পড়ি নাই। আল্লাহই জানেন কী হয়।’ তবে আমি বলেছি, আপনি অনেক মানুষের উপকার করেছেন। আল্লাহ নিশ্চয় মাফ করবেন।”
যদিও রাজনীতিতে এখন সরাসরি যুক্ত নন, তবে দেশের অবস্থা ও রাজনীতির খোঁজখবর রাখেন সাবেক রাষ্ট্রপতি। নিয়মিত পত্রিকা পড়েন এবং টেলিভিশন দেখেন।
দেশে ফিরে মানসিকভাবে ভালো আছেন জানিয়ে নওশাদ বলেন, “অনেকেই বলেছিলেন, বিদেশেই থাকেন। কিন্তু তিনি বলেছেন, ‘না, আমি দেশে ফিরবই। দেশে ফিরে দেশের মাটিতেই না হয় মারা গেলাম।”
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো ভেঙে পড়ে। দলটির কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার, নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। শীর্ষ নেতাদের বিরুদ্ধে চলছে মানবতাবিরোধী অপরাধের বিচার।
আবদুল হামিদের মতে, দলটিকে আবার রাজনীতির ময়দানে ফিরতে হলে তাদের অতীত ভুলগুলোর স্বীকারোক্তি ও সংশোধন দরকার। নইলে জনগণের আস্থা ফেরানো সম্ভব নয়। সূত্র- যুগান্তর




