মহাঅষ্টমীতে কুমারী পূজা আজ

পদ্মাটাইমস ডেস্ক: শারদীয় দুর্গোৎসবের আজ মহাঅষ্টমী। এদিনের মূল আকর্ষণ ‘কুমারী পূজা’। কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর প্রতিরূপ কল্পনা করে ভক্তরা তাকে দেবীজ্ঞানে পূজা করেন। রাজধানীর রামকৃষ্ণ মিশন ও মঠে প্রতিবছরের মতো এবারও আড়ম্বরপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে কুমারী পূজা। এতে অংশ নিতে ভোর থেকেই হাজারো সনাতন ধর্মাবলম্বী ভক্তদের ঢল নামে।
অষ্টমী তিথিতে মহামায়ার ষষ্টক অর্থাৎ ছয় বছরের কুমারী রূপ ‘উমা’র পূজা প্রচলিত। তবে এদিন ১ থেকে ১৬ বছরের যেকোনো হিন্দু কুমারী কন্যাকে মাতৃরূপে প্রতিমার আসনে বসিয়ে পূজা করা হয়। ভক্তদের বিশ্বাস, কুমারী পূজা শুধু ঈশ্বর আরাধনাই নয়; এটি নারীর মর্যাদা, মানবসম্মান ও আধ্যাত্মিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রতীক।
রামকৃষ্ণ মিশন সূত্রে জানা গেছে, এ বছর কুমারী পূজা শুরু হবে সকাল ১১টায় এবং শেষ হবে দুপুর ১টায়। এর আগে মহাঅষ্টমীর পূজা আরম্ভ হবে সকাল ৬টা ১০ মিনিটে, পুষ্পাঞ্জলি হবে সকাল ১০টা ৩০ মিনিটে এবং মধ্যাহ্ন প্রসাদ বিতরণ করা হবে দুপুর ১২টায়। এছাড়া মহাঅষ্টমী উপলক্ষে সন্ধিপূজা অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে এবং সমাপ্ত হবে সন্ধ্যা ৭টা ১ মিনিটে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানিয়েছেন, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। শুধু ঢাকা মহানগরেই পূজা হচ্ছে ২৫৯টি স্থানে। নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে।
আগামীকাল মহানবমীতে নবমীবিহিত পূজা শেষে মণ্ডপে মণ্ডপে মহাপ্রসাদ বিতরণ করা হবে। আর বৃহস্পতিবার বিজয়া দশমীতে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।




