স্বাস্থ্যের ডিজির সঙ্গে চিকিৎসকের তর্ক, ভিডিও ভাইরাল

পদ্মাটাইমস ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে এক চিকিৎসকের তর্কাতর্কির ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটারে এ ঘটনা ঘটে।
শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্র-সংক্রান্ত রোগের সাম্প্রতিক অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জন অব বাংলাদেশের (এপিএসবি) যৌথ আয়োজনে একটি সেমিনার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এসে সেমিনারের আগে হাসপাতাল পরিদর্শনে যান ডিজি আবু জাফর।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটার ঘুরে দেখার সময় কক্ষে টেবিল কেন রাখা হয়েছে- সে বিষয়ে চিকিৎসকদের কাছে জানতে চান ডিজি। জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইনচার্জ ধনদেব বর্মণ জানান, লেখাপত্রের প্রয়োজনে টেবিল রাখা হয়েছে। এ নিয়েই দুজনের মধ্যে তর্ক শুরু হয়।
তর্কের একপর্যায়ে ডিজি চিকিৎসককে উদ্দেশ করে বলেন, “আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন, কথাবার্তা হুঁশ করে বলবেন।” তিনি নিজের সহকর্মীদের ভিডিও করতে বলেন এবং মন্তব্য করেন, “ডিজির সঙ্গে যারা এমন বিহ্যাব করে, তারা রোগীর সঙ্গে কীভাবে বিহ্যাব করে?”
চিকিৎসক ধনদেব জবাব দেন, “আমি রোগীর সঙ্গে খুব ভালো ব্যবহার করি। কিন্তু যারা দায়িত্বে আছে, তাদের সঙ্গে আমার ব্যবহার ভালো না।” ডিজি তখন মন্তব্য করেন, “আপনি তো বিহ্যাবই শিখেন নাই।” উত্তরে চিকিৎসক বলেন, “ঢাকায় তিন দিনের ট্রেনিং করেছি। আপনার দুদিন আসার কথা ছিল, একদিনও আসেননি। আমাকে সাসপেন্ড করেন, নো প্রবলেম।”
ঘটনার সময় হাসপাতালে উপস্থিত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস এবং উপপরিচালক জাকিউল ইসলাম পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিজি বলেন, “বাংলাদেশের প্রায় সব হাসপাতালে ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী থাকে। অবকাঠামোগত উন্নয়ন সময়সাপেক্ষ; অন্তর্বর্তী সরকারের সময় এ ধরনের বড় পরিবর্তন করা কঠিন।”
তিনি আরও জানান, সারা দেশে যেকোনো সময় হিসাব করলে প্রায় ১৫ হাজার রোগী মেঝেতে থাকে।
পরে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্র-সংক্রান্ত রোগের চিকিৎসায় অগ্রগতি ও চ্যালেঞ্জ তুলে ধরেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রুহুল আমিন, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ নাজমুল আলম খান, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস, এপিএসবির সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ অনেকে।




